আ.লীগ নেতা ও শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় শহিদুল ইসলাম নামের এক আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গত সোমবার রাতে তিনি খুন হন। পাবনার চাটমোহরে দুই বছরের এক শিশুকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিশুটি খুন হয়।
পত্নীতলা থানা সূত্রে জানায়, শহিদুল ইসলাম পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সকাল আটটার দিকে তাঁর লাশ উদ্ধার করে। নিহত শহিদুল উপজেলার কাটাবাড়ির বোরাম গ্রামের সেতাব উদ্দিনের ছেলে।
আওয়ামী লীগের নেতার ভাই শফিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত একটার দিকে শহিদুলের মুঠোফোনে ফোন করে কে বা কারা সালিস বৈঠকের জন্য ডেকে নেয়। ইসাপুর মোড়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়।
থানার ওসি আবদুর রফিক বলেন, এ ঘটনায় শহিদুলের বাবা সেতাব উদ্দিন গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাটমোহরে গতকাল সকালে আয়শা হুমায়রা জীম নামের দুই বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সে উপজেলার ছাইকোলা পূর্বপাড়া গ্রামের আবুল বাসেদের মেয়ে। শিশুর স্বজনেরা জানান, জীমদের প্রতিবেশী মানসিক ভারসাম্যহীন সাবিনা খাতুন (৩৮) গতকাল সকাল সাতটার দিকে শিশুটিকে কোলে নিয়ে আদর করছিলেন। একপর্যায়ে শিশুটিকে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাবিনার ঘরে খাটের নিচ থেকে জীমের লাশ উদ্ধার হয়।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তর জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা সাবিনাকে আসামি করে হত্যা মামলা করেছেন। সাবিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সাবিনা মানসিক রোগী বলে স্থানীয়রা জানিয়েছে। আমরা হত্যার কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছি।’