ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া ওরফে বাবু একটি চাঁদাবাজির মামলায়
গতকাল বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ফরিদপুরে আনন্দ মিছিল ও তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছেন আওয়ামী লীগ ও
এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল সকাল নয়টার দিকে রাজধানীর রমনা থানার পুলিশ বেইলি রোড এলাকা থেকে মোকাররম মিয়াকে (৪৫) গ্রেপ্তার এবং তাঁর দুই সহযোগীকে আটক করে। রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন জানান, মোকাররমকে ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা চাঁদাবাজির মামলার গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ওরফে বরকত গত রোববার রাতে মোকাররম মিয়ার বিরুদ্ধে ৪০ লাখ টাকা চাঁদাবাজির একটি মামলা করেন। ঘটনার পর থেকে মোকাররম পলাতক ছিলেন।
রমনা থানা থেকে মোকাররমকে বুঝে নিতে চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় গেছে। এসআই কাজী মাসুদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, রাতের মধ্যেই মোকাররমকে কোতোয়ালি থানায় নিয়ে আসা হবে।
মোকাররম মিয়ার স্ত্রী নাজনীন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজির এ মামলা ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। আমার স্বামী নির্দোষ।’
এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরে মোকাররমের গ্রেপ্তারের খবরটিকে ‘সুসংবাদ’, ‘সুসংবাদ’ বলে মাইকে প্রচার করা হয়। বেলা একটার দিকে শহরের থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতা-কর্মীসহ দেড় সহস্রাধিক মানুষ আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন আহমেদ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কে এম সেলিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার প্রমুখ।
সমাবেশ থেকে মোকাররমকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এ ছাড়া মোকাররমের অন্যতম সহযোগী জেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিৎ মুখার্জিকেও গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে দুই নেতার কুশপুত্তলিকা পোড়ানো হয়।