কিশোরগঞ্জের কুলিয়ারচরের গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. আওয়াল হত্যা মামলায় বর্তমান সভাপতি আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, আওয়াল টানা ১১ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দেড় বছর আগে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হয়। এবার আবু বক্কর নতুন সভাপতি হন। কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আগে থেকেই আওয়াল ও বক্করের মধ্যে বিরোধ ছিল। সাবেক সভাপতি আওয়ালের ওপর হামলার কয়েক দিন আগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এরপর ১৭ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় কাজীরমোড় এলাকায় বক্কর পক্ষের সন্ত্রাসীরা আওয়ালকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচএম) ২৬ নভেম্বর মারা যান আওয়াল।