আ.লীগ নেতা রকিবুল হত্যায় দলের নেতারা জড়িত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদ হত্যা ঘটনায় তাঁর নিজ দলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি জড়িত। এ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মাঈনুল হাসান ওরফে মাসুদ গত সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন।
গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ তাঁর নিজ গ্রাম ভারই মধ্যপাড়ার একটি নির্জন পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে নয়টার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ওই দিনই রকিবুলের ভাই ফজলুল করিম বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে ফজলুল করিম বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আরও একটি সম্পূরক মামলা দায়ের করেন। সে মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুল হামিদ মিয়া, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। আদালত থানায় ও আদালতে দায়ের করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন।
মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। গোয়েন্দা পুলিশ গত রোববার ভূঞাপুরের ভারই মধ্যপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মাঈনুল হাসানকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, মাসুদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুপন কুমার দাস মাসুদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
আদালত ও তদন্ত সংস্থার একাধিক সূত্র জানিয়েছে, মাসুদ আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, কিছু নেতার সঙ্গে মতবিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় আওয়ামী লীগের একাধিক নেতা ও জনপ্রতিনিধির নামও তিনি বলেছেন।