ব্রাহ্মণবাড়িয়ায় রিছাল হত্যা মামলার প্রধান আসামি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন হেলাল মিয়া, সালাল মিয়া, বাপ্পা, জিয়ার উদ্দিন, জুফিক, অলুদ, রুমান, মাসুম, রয়েল, জুবেল, টিটন,
সাকা, সিরাত, জাবেদ ও সফিক। তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার মাইমলহাটিতে।
এদিকে আসামিদের গ্রেপ্তারের খবর পেয়ে গতকাল দুপুরে কান্দিপাড়া এলাকাবাসী তাঁদের ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে তাঁদের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সবাই মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
রিছালের পরিবারের অভিযোগ, গত ৩১ অক্টোবর শহরের হকার্স মার্কেটের সামনে রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা শহরের কান্দিপাড়া মহল্লার ইয়াছিন পাঠানের ছেলে রিছালকে (২৪) তাঁর মা রহিমা বেগমের সামনে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। হাসপাতালে ভর্তি করার পর রাত ১১টার দিকে তিনি মারা যান।
২ নভেম্বর প্রথম আলোয় ‘ছিনতাইকারী বলে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, বাঁচাতে গেলে মাকেও মারধর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।