আ.লীগ নেতাকে আরেক নেতার মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে দলের আরেক নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আহত নেতার ছেলে গত বুধবার থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ।
মারধরের শিকার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন ওরফে হাবলু (৫৫) এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাদিকুজ্জামান সুমনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
এদিকে তোফাজ্জেল হোসেন গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি ফ্যাক্সের মাধ্যমে পাঠিয়েছেন। এতে তিনি সাদিকুজ্জামান সুমনকে ‘সন্ত্রাসীদের গডফাদার’ উল্লেখ করে তার অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্মারকলিপির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র্যা ব (র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন তোফাজ্জেল হোসেন বলেন, দৌলতপুর উপজেলার হাকিমপুর বাজার-সংলগ্ন এলাকায় সরকারি অর্থে একটি মসজিদ নির্মাণের কাজ চলছে। এ কাজের তদারকি করছেন সাদিকুজ্জামান ও তাঁর সহযোগী শফিকুল ইসলাম। মসজিদের
কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় তোফাজ্জেল হোসেন প্রতিবাদ করেন।
এ ঘটনায় সাদিকুজ্জামান ক্ষুব্ধ হন। তিনি তোফাজ্জেলকে গত মঙ্গলবার সকালে মসজিদের সামনে ডেকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক জানান, তোফাজ্জেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কপালের ওপরে দুটি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাদিকুজ্জামান সুমন বলেন, এলাকায় আওয়ামী লীগের দুটি পক্ষ আছে। তাঁদের মধ্যে একটি ঘটনায় ধাক্কাধাক্কি হয়েছে। তবে সে সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
তোফাজ্জেলের ছেলে সোয়েব আল গালিব বলেন, গত বুধবার সকালে দৌলতপুর থানায় তিনি এ বিষয়ে অভিযোগ দিতে যান। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি।
ওসি আমিনুল ইসলাম বলেন, এলাকার একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ আছে। বিরোধের জেরে তোফাজ্জেলকে হাতপাখা দিয়ে মাথায় একটু আঘাত করা হয়েছে। তাঁর ছেলে মামলা দিতে থানায় এসেছিল। এ বিষয়ে তদন্ত করে মামলা নেওয়া হবে।