ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ওবায়দুল্লাহ আনোয়ার ওরফে বুলবুল নামে আওয়ামী লীগের এক নেতা ও তাঁর ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ছাড়া তাঁর ব্যক্তিগত গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাংসদ ফাহমি গোলন্দাজের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। তবে হামলায় তাঁর সমর্থক জড়িত থাকার এই অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী বলেছেন, ওবায়দুল্লাহ আনোয়ার গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন। গতকাল বেলা তিনটার দিকে তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্ধাইন গ্রামের বাড়ি যান। খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কুশল বিনিময় করতে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে সাংসদ ফাহমি গোলন্দাজের একদল সমর্থক ওই বাড়িতে যান। তাঁরা ওই বাড়িতে সমবেত নেতা-কর্মীদের চলে যেতে বলেন। অন্যথায় তাঁদের ওপর হামলা চালানোর হুমকি দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় ওবায়দুল্লাহ ও তাঁর এক ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের আরও কমপক্ষে আটজন আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে জানতে চাইলে সাংসদ ফাহমি গোলন্দাজ প্রথম আলোকে বলেন, ‘বুলবুল (ওবায়দুল্লাহ আনোয়ার) নামের একজন মোটরসাইকেলের বহর নিয়ে গ্রামে গেলে উত্তেজিত জনতা তাঁকে ও তাঁর সঙ্গে থাকা লোকদের মারধরের চেষ্টা করে। এর সঙ্গে আমার সমর্থকদের কোনো সম্পর্ক নেই। বুলবুল রাজাকার পরিবারের সন্তান বলে জানি। তাঁর ওপর হামলার চেষ্টাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাঁরা সাধারণ মানুষ। আমি খবর পেয়ে পুলিশকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলি।’
জানতে চাইলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন কোনো মন্তব্য না করে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে পুলিশ সুপার মঈনুল হক বলেন, আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। হামলায় আহত ওবায়দুল্লাহ আনোয়ার আশঙ্কামুক্ত বলে জানতে পেরেছেন। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছেন।