আ.লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর কোসাখালী গ্রামে গত বুধবার রাতে খায়রুল কাজী (৩২) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে নয়টার দিকে খায়রুল কাজী মোটরসাইকেল নিয়ে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন। পথে চর কোসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি দুর্বৃত্তরা মোটরসাইকেলটির গতি রোধ করে তাঁকে এলোপাতাড়ি কোপায় ও গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আজাহার আলী বলেন, খায়রুল ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এলাকায় জনপ্রিয় হয়ে ওঠায় বিএনপির সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছি। এর সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই।