আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মোতালেব মোল্লাকে (৪০) ধারালো অস্ত্র ও রড দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গত রোববার রাত নয়টার দিকে উপজেলা সদর বাজারের দুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোতালেব মোল্লাকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গতকাল সোমবার সকালে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চরভদ্রাসন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাফিজুর রহমান জানান, আহত মোজাফফর মোল্লার মাথার পেছনের অংশে ধারালো অস্ত্রের জখম ও শরীরের বিভিন্ন অংশে রডের আঘাতের দাগ রয়েছে।
মোতালেব মোল্লা দাবি করেছেন, এলাকায় মাদকের ছড়াছড়ির বিরুদ্ধে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সভায় প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা (৩৫) তাঁর কয়েকজন সহযোগী নিয়ে চায়নিজ কুড়াল ও লোহার রড দিয়ে তাঁর ওপর এ হামলা চালিয়েছেন। তিনি বলেন, তিনি রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার পথে পেছন থেকে তাঁরা হামলা করেন। তিনি এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে খোকন মোল্লার মুঠোফোনে গতকাল বিকেল পৌনে চারটার দিকে চার-পাঁচবার ফোন করলেও তিনি তা ধরেননি।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আজাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগের নেতা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর নেতৃত্বেই এ হামলার ঘটনা ঘটেছে।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত বলেন, মোতালেব মোল্লা ও খোকন মোল্লা সম্পর্কে চাচা-ভাতিজা। পারিবারিক কারণে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এ হামলার ঘটনাটি পারিবারিক, রাজনৈতিক নয়।