আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
পূর্ববিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মো. খলিলুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার সুরাটি বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে।
খলিলুরের (৫০) বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার লুলিকান্দি গ্রামে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খলিলুরের ভাই তানবির আহমেদ বলেন, তাঁর ভাই হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি নান্দাইলের মনু মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। বাজারের ইজারা ডাকা ও অন্যান্য বিষয় নিয়ে উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের খাইরুল ইসলামের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলে আসছিল। কয়েক দিন ধরে খাইরুল তাঁর দলবল নিয়ে মনু মিয়া বাজারে চাঁদাবাজি করছিলেন। তাঁর ভাই এর প্রতিবাদ করেন। এতে খাইরুল ক্ষুব্ধ হন। গতকাল বেলা ১১টার দিকে বাজারে যাওয়ার পথে খাইরুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ভাই খলিলুরের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় খলিলুরকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য খাইরুলের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।