আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক আইনজীবী বদিউজ্জামান বাবুল (৪৭) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাতে ফরিদপুর জিলা স্কুলের পূর্ব পাশের মুজিব সড়কে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন।
গতকাল বৃহস্পতিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে বদিউজ্জামানকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতালে) স্থানান্তর করা হয়েছে। সেখানে বিকেলে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, রাত ১০টার দিকে বদিউজ্জামান একটি অটোরিকশায় করে শহরের এক নম্বর হাবেলি গোপালপুর এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। ফরিদপুর জিলা স্কুলের পূর্বদিকে পৌঁছালে চারটি মোটরসাইকেল করে সাত থেকে আটজন দুর্বৃত্ত এসে অটোরিকশা থামিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। আহত বদিউজ্জামানকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সকাল ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, বদিউজ্জামানের হাত, পিঠ ও কোমরে ১৭টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর জীবননাশের আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।
বদিউজ্জামানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের আইনজীবীরা গতকাল আদালতের কার্যক্রম বর্জন করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।