আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজার এলাকায় গতকাল শনিবার আওয়ামী লীগের নেতা মজিবুর রহমানকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মজিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার দিঘা কবিরাজপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবুর রহমান বাউসা ইউনিয়নের দিঘা বাজারের পশ্চিমে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। এই পুকুর ইজারা নিয়ে একই গ্রামের ভাদুর (৫০) সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে দিঘা বাজার এলাকায় ভাদুর লোকজন অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে মজিবুরের ওপর হামলা চালান। স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় মজিবুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।