আ.লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গত বুধবার আওয়ামী লীগের এক নেতা ও তাঁর ভাতিজাকে দুর্বৃত্তরা গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করেছে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একলাস মোল্যা (৪২) ও তাঁর ভাতিজা আলামিন (২২)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।
এলাকার কয়েকজন জানান, বুধবার দুপুরে চরদৌলতদিয়া হাট থেকে গোয়ালন্দ আসার পথে দুর্বৃত্তরা উজানচর মকিমের মোড়ে এলাকার একটি বিদ্যালয়ে নিয়ে আলামিনকে মারধর করে। এর কিছুক্ষণ পর একই পথে একলাস মোল্যাকে রায়পাড়া সেতুর কাছ থেকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় গফুর মণ্ডল পাড়ায় রাস্তার ধারে গাছের সঙ্গে চাচা ও ভাতিজাকে বেঁধে রড ও লাঠি দিয়ে পেটায়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আলামিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার একলাস মোল্যার ছোট ভাই বাচ্চু মোল্যা বাদী হয়ে ১৬-১৭ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। তিনি বলেন, তুচ্ছ বিষয় নিয়ে উজানচরের আতিয়ার, যুবলীগ নেতা জিন্দার আলীসহ ১৫-২০ জন তাঁর ভাই ও ভাতিজাকে মারপিট করেন।
মঙ্গলবার চরদৌলতদিয়া হাটে একটি দোকানের পাশে প্রস্রাব করা নিয়ে দুই পক্ষের বিরোধ হয় বলে স্থানীয়রা জানান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরাই তাঁদের মেরেছে।
তবে উজানচর ইউনিয়ন যুবলীগ নেতা জিন্দার আলী নিজেকে নির্দোষ দাবি করেছেন।