নোয়াখালীতে ওয়ার্ড আ.লীগ সভাপতিকে গুলি করে হত্যা
নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাশেমকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে ইউনিয়নের মাইজচরা গ্রামে তাঁর বাড়ির কাছে রাস্তায় এ গুলির ঘটনা ঘটে।
সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আতাউর রহমান ওরফে নাসের প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আবুল হাশেমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কারা, কী কারণে আবুল হাশেমকে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানান আতাউর রহমান।
পুলিশ ও দলীয় লোকজনের ভাষ্য, গতকাল রাত ১২টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবুল হাশেম স্থানীয় বাংলাবাজার থেকে মাইজচরা গ্রামের বাড়িতে ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি গেলে গ্রামের রাস্তায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে সড়কের ওপর আবুল হাশেমকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে দিবাগত রাত সোয়া একটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিহত আবুল হাশেমের পেট ও বুকের বাঁ দিকে শটগানের দুটি গুলি লেগেছে। আঘাত দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে খুবই কাছ থেকে গুলি করা হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে নিজের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের নেতা আতাউর রহমান বলেন, সেখানে দলে কোনো অভ্যন্তরীণ বিরোধ নেই। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে বিষয়টি বোঝা যাবে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি রাজনৈতিক নয়, স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের মধ্যকার বিরোধের কারণে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিন-চারটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।
এক প্রশ্নের জবাবে ওসি আনোয়ার হোসেন বলেন, নিহত আবুল হাশেমের লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বিকেলে দাফন সম্পন্ন হবে।