আ.লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় পুকুরে বিষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় নাটোরের সিংড়া উপজেলার শোয়াইর গ্রামে গত সোমবার রাতে নুরে আলম নামের এক মাছচাষির পুকুরে বিষ দিয়ে চার লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সিংড়া থানায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ওই মাছচাষি।
সিংড়া থানা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি সূত্রে জানা যায়, নুরে আলম গত বছর স্থানীয় একটি সরকারি পুকুর ইজারা নেন। এরপর থেকেই আওয়ামী লীগের স্থানীয় নেতা খন্দকার সাইফুল তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এরই মধ্যে নুরে আলম ১৫ হাজার টাকা চাঁদাও দেন। বাকিটা দিতে পারবেন না বলে জানানোয় গত সোমবার রাতে পুকুরে বিষ দিয়ে রুই, কাতলা জাতীয় মাছ মেরে নিয়ে যান।
নুরে আলম বলেন, পুকুর ইজারা নেওয়ার দিন থেকেই আওয়ামী লীগ নেতা সাইফুল তাঁকে বলে আসছেন চাঁদা না দিলে তাঁকে মাছ চাষ করতে দেবেন না। পুকুরে বিষ দেওয়ার ঘটনায় অন্তত চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান নুরে আলম।
তবে অভিযুক্ত খন্দকার সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিষ ঢেলে মাছ মারা বা লুটের সঙ্গে জড়িত নন।