আ.লীগ নেতাকে দেখতে গিয়ে আহত ২
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিলেট জেলার আওয়ামী লীগের নেতা মোস্তাক আহমেদ আহত হওয়ার ঘটনায় ফেসবুকে ‘স্ট্যাটাস’ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের দুই কর্মী। গত শুক্রবার দিবাগত রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা ওই নেতাকে দেখতে সেখানে গিয়েছিলেন।
আহত দুজন হলেন কানাইঘাট উপজেলার বাসিন্দা সিলেট মদনমোহন কলেজ ছাত্রলীগের কর্মী ফাহাদ আহমদ (২১) ও কামরান হোসেন (২০)। এর মধ্যে ফাহাদকে আশঙ্কাজনক অবস্থায় গতকাল শনিবার ভোরে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার জের ধরে রাতে ছাত্রলীগের দুই পক্ষ হাসপাতাল এলাকায় সশস্ত্র মহড়া শুরু করলে পুলিশ ছাত্রলীগের কর্মী ইফতেখার মালিক ও মাহবুবুরকে আটক করে।
সিলেট কোতোয়ালি থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ। দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও এক ছেলে মারা যান। মোস্তাককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই জেলা ও কানাইঘাট উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে দেখতে সেখানে যান। হাসপাতালের জরুরি বিভাগে অবস্থানকালে রাত তিনটার দিকে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের কর্মী ইফতেখার মালিক ওরফে তানভীর ও মাহবুবুর রহমান ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মীর ওপর চড়াও হন। তাঁরা ফাহাদ ও কামরান হোসেনের পিঠে ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, ছুরিকাহত ফাহাদ ও কামরানকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ভোরে ফাহাদকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে আহত দুই কর্মীর পক্ষে ছাত্রলীগের আরেকটি পক্ষ হাসপাতাল এলাকায় ছুরিকাঘাতকারীদের খুঁজতে গিয়ে সশস্ত্র মহড়া শুরু করে। খবর পেয়ে রাত প্রায় চারটার দিকে পুলিশ হাসপাতাল এলাকা থেকে ছুরিকাঘাতের অভিযোগে কানাইঘাট ছাত্রলীগের দুই কর্মী ইফতেখার মালিক ও মাহবুবুরকে আটক করে।