আ.লীগ নেতাকে পিটিয়ে আহত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ মো. রাশেদকে (৪৬) পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি দেখে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত রাশেদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওসমান হোসেনের ছেলে।
হাসপাতালে তাঁর সঙ্গে থাকা হাতিয়ার বাসিন্দা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা আমির হোসেন প্রথম আলোকে বলেন, আহত রাশেদ হাতিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি। হামলায় তিনি দুই হাত, পা ও বুকে আঘাত পেয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতা রাশেদ বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওছখালির বাস মালিক সমিতির কার্যালয় থেকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
এ সময় ছেলেকে মারপিট করার খবর পেয়ে রাশেদের বৃদ্ধ বাবা ওসমান হোসেন এগিয়ে গেলে হামলাকারীরা তাঁর ওপরও হামলা চালায়। এতে তিনিও সামান্য আহত হন। ঘটনার খবর পেয়ে হাতিয়া থানার পুলিশ এসে রাশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতা রাশেদের ওপর হামলার খবর পেয়েই থানা থেকে চারজন কর্মকর্তাসহ একদল পুলিশ সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ওই হামলা চালিয়েছে বলে আহত রাশেদ জানিয়েছেন।