আ.লীগ নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র বর্মণকে গত শনিবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রমেশ চন্দ্র মহেন্দ্রনগর ইউনিয়নের ঢেবঢেবীর বাজারের বুড়িরকুড়া সর্বজনীন দুর্গামন্দিরের সাবেক সভাপতি ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতের কোনো একসময় বুড়িরকুড়া মন্দিরের গ্রিলের ফাঁক দিয়ে খবরের কাগজে মোড়ানো একটি চিঠি ফেলে যায় দুর্বৃত্তরা। হাতে লেখা চিঠির সঙ্গে এক টুকরা সাদা কাপড় ও এক টুকরা লাল কাপড় বাঁধা ছিল। বিষয়টি জানতে পেরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওসি একটি জিডি করেন।

চিঠিতে রমেশ চন্দ্রকে সম্বোধন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়। রাজনৈতিক বিষয় নিয়ে কোন্দলের কারণে এ হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ এবং স্থানীয় লোকজন ধারণা করছেন।

জিডিতে বলা হয়, ১০ টাকা কেজি দরে দরিদ্র ব্যক্তিদের চাল বিতরণের জন্য মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা একটি তালিকা তৈরি করেন। ওই তালিকায় একই পরিবারের পাঁচ-ছয়জন সদস্যের নাম ছিল। এ বিষয়টি নিয়ে রমেশ চন্দ্র প্রতিবাদ করেন। তিনি জেলা পরিষদের প্রশাসককেও বিষয়টি জানান। অভিযোগ পেয়ে প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নতুন তালিকা করে চাল বিতরণের ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

রমেশ চন্দ্র বলেন, জেলা পরিষদের প্রশাসক, ইউএনও ও পুলিশ ঘটনার বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছে। ওসি জিডি করায় তিনি আর করেননি। তবে প্রয়োজন হলে তিনিও অভিযোগ করবেন। তিনি আরও বলেন, ‘১০ টাকা কেজি দরে চাল বিতরণের তালিকায় ত্রুটি থাকায় আমি বিভিন্ন স্থানে অভিযোগ করেছি, তবে এ কারণে আমাকে হুমকি দেওয়া হয়েছে কি না, তা আমি বলতে পারছি না, প্রশাসন তদন্ত করে দেখছে।’

মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, তিনি চাল বিতরণের তালিকা নিয়ে কাজ করছেন। তবে তিনি বা তাঁর লোকজন কাউকে হুমকি দেননি।

ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য জেলা ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। রমেশ চন্দ্র ও তাঁর পরিবারের সদস্যদের সার্বিক বিষয়ে খোঁজ রাখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।