আ.লীগ নেতাকে 'নির্যাতনের প্রতিবাদে' পুলিশের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে আটক ও নির্যাতনের অভিযোগ ওঠার পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও আওয়ামী লীগ সূত্র জানায়, খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা পুলিশ লাইনসের পাশের একটি এলাকায় ‘বনভোজনের’ আয়োজন করেন। পুলিশ তাঁদের রাত ১২টার আগেই আয়োজন শেষ করতে বলে। কিন্তু ১২টার পরও অনুষ্ঠান চললে পুলিশ কয়েকজনকে ধরে রাজপাড়া থানায় নিয়ে যায়। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় তাঁদের ছেড়ে দেওয়ার সুপারিশ করতে থানায় গেলে তাঁকেও আটকে রাখা হয়। আওয়ামী লীগের অন্য নেতারা গিয়ে পরে হিমাদ্রীকে ছাড়িয়ে আনেন।
পুলিশ হিমাদ্রী প্রসাদকে নির্যাতন করেছে—এমন অভিযোগ তুলে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দলীয় নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, মিছিলটি মহানগর পুলিশ সদর দপ্তরের সামনে আসার পর নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে ইটপাটকেল ছোড়েন। এতে গাড়িটির কাচ ভেঙে যায়। এরপর পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আসছিলেন। রাস্তায় পুলিশের গাড়ি দেখে তাঁরা ইটপাটকেল ছোড়েন। বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। সমঝোতার জন্য আজ শনিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে নেতারা আলোচনায় বসবেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় বলেন, ভাঙচুরের শিকার গাড়িটি রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার আতিকুর রহমানের। গতকাল সন্ধ্যার দিকে নগরের সিঅ্যান্ডবি মোড় দিয়ে যাওয়ার সময় ইটপাটকেলের আঘাতে গাড়িটির কাচ ভেঙে যায়। তবে এ হামলায় কারা জড়িত, তা তাঁরা জানেন না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।