মেহেরপুর সদর উপজেলার নূরপুর গ্রামে গতকাল সোমবার আওয়ামী লীগের নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম, তাঁর গাড়িচালক মাসুম আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে আবদুল্লাহ আল মামুন রাসেল আহত হয়েছেন।
ইয়ারুল ইসলাম বলেন, তিনিসহ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মিয়াজান আলী দলীয় নেতাদের নিয়ে পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মাদ্রাসা মাঠে ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁরা অনুষ্ঠানস্থল থেকে ৫০০ গজ দূরে থাকার সময় ছাত্রলীগের বহিরাগত ২০-২৫ জন ক্যাডার লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে খাদে পড়ে যায়। এ সময় লাঠির আঘাতে তাঁরা তিনজন আহত হন। পরে তাঁরা কাউন্সিলে যোগ না দিয়ে ফিরে আসেন।
হামলার ঘটনার জন্য সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর ছাত্রলীগের কয়েকজন উগ্র নেতা-কর্মীকে দায়ী করেন ইয়ারুল।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বলেন, কাউন্সিল অনুষ্ঠানস্থলে কোনো অঘটন ঘটেনি। ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে পিরোজপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কাউন্সিলে যাওয়ার পথে নেতাদের ওপর হামলার ঘটনা তাঁরা জানেন না। এমন ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন বলে তিনি দাবি করেন।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন নিয়ে জেলা আওয়ামী লীগ এখন দুই ভাগে বিভক্ত। একাংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ্বাস ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মিয়াজান আলী।