নারায়ণগঞ্জের উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গতকাল মঙ্গলবার ফিরে গেলেন তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কর্মকর্তারা। তিতাসের ওই কর্মকর্তারা দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে থেকে আওয়ামী লীগ নেতাদের চাপে ও হামলার আশঙ্কায়¦ফিরে যান।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক আনিছুর মিঞা সভাপতিত্ব করেন। সভায় সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বাবলী, বিভিন্ন উপজেলার ইউএনওসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল সকাল ১০টায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক আতিকুল হক, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, মতিঝিল ডিস্ট্রিবিউশন কার্যালয়ের ১০ কর্মকর্তাসহ স্থানীয় তিতাস গ্যাস কার্যালয়ের ৪০ জন কর্মকর্তা ম্যাজিস্ট্রেসি সহযোগিতা নিতে ইউএনও আবু নাছের ভুঁঞার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় ইউএনও সরকারি কাজে নারায়ণগঞ্জে ছিলেন। বেলা দুইটায় ইউএনও কার্যালয়ে এসে পৌঁছার পর তাঁর কক্ষে আসেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল্লাসহ আওয়ামী লীগ সমর্থক দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের ৩০-৪০ জন নেতা-কর্মী। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা ইউএনওর কক্ষে আসেন। এ সময় আওয়ামী লীগ নেতারা জানান, দেশে রাজনৈতিক অস্থিরতায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বিরোধী দল অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। তাই এ মুহূর্তে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। এ ছাড়া অভিযানের খবর পেয়ে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন সড়কে অবস্থান করছেন। অভিযান চালালে হামলা হতে পারে।
এ সময় তিতাসের কর্মকর্তাদের সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা জানান, উপজেলায় হাজার হাজার অবৈধ সংযোগ দেওয়ার সময় আপনারা কেন বাধা দিলেন না। আপনারা আর্থিক সুবিধা নিয়েই অবৈধ গ্যাস সংযোগ দিতে সহযোগিতা করেছেন। এ সময় তিতাসের কর্মকর্তারা জানান, সোনারগাঁয়ে প্রায় ৪০ হাজার গ্রাহক অবৈধ সংযোগ নিয়ে রান্নাবান্না করছেন। প্রতি মাসে দুই কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
পরে এ ব্যাপারে ইউএনও আবু নাছের ভুঁঞা জানান, আপাতত বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হবে না। তবে নতুন করে কোনো সংযোগ যাতে না হয়, সে জন্য প্রশাসন তৎপর থাকবে।