আ.লীগ নেতাদের বিরুদ্ধে নদীর মাটি লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসংলগ্ন যমুনা নদী থেকে খননযন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসংলগ্ন যমুনা নদী থেকে খননযন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া নদীবন্দর এলাকায় মাটি লুট হচ্ছে। যমুনা নদী ও নদীর পাড় থেকে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা খননযন্ত্র দিয়ে মাটি তুলে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ইউটিলিটি ফেরিঘাট ও লঞ্চঘাটের উজানে প্রায় ২০০ থেকে ৩০০ গজের মধ্যে নদী থেকে খননযন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। এসব মাটি লোহা ও প্লাস্টিকের পাইপ দিয়ে এক থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে বিভিন্ন নিচু ও ফসলি জমিতে ফেলে ভরাট করা হচ্ছে।

খননযন্ত্র পরিচালনার দায়িত্বে থাকা আজাদ হোসেন ও দুজন শ্রমিক বলেন, এক মাস ধরে এখানে মাটি তুলে বিক্রি করা হচ্ছে। স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আখতারুজ্জামান খান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান ওরফে জনি মাটি তোলার সঙ্গে জড়িত।

সরেজমিনে দেখা যায়, ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। ভরাট করা হচ্ছে সেসব এলাকার নিচু ও ফসলি জমি। এ সময় মাটি কাটার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আমিনুল ইসলামসহ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ওই নেতারা ছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলী আহসান, স্থানীয় আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এবং স্থানীয় নালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোন্তাজ উদ্দিন মাটি কেটে বিক্রি করছেন।

আখতারুজ্জামান খান বলেন, নাব্যতা-সংকট নিরসনে বিআইডব্লিউটিএ নদী থেকে ড্রেজিং করে মাটি কেটে নদীর তীরে ফেলে। সেই মাটিই উত্তোলন ও কাটা হচ্ছে। এতে ঘাটের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু মাটি কাটার বিষয়টি জানেন না বলে জানান বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা মো. সোহেল রেজা। গতকাল বিকেলে তিনি বলেন, বিআইডব্লিউটিএর আওতাভুক্ত নদী বা নদীর পাড় থেকে ব্যবসার উদ্দেশ্যে মাটি কাটার সুযোগ নেই। বন্দর এলাকার আশপাশে মাটি কাটা ঝুঁকিপূর্ণ। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মাটি ব্যবসার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন আলী আহসান। তিনি বলেন, ‘কেউ আমার নাম ব্যবহার করে মাটির ব্যবসা করতে পারেন। এসব ছোটখাটো বিষয় নিয়ে আমি থাকি না।’

মাটি কাটার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গতকাল সন্ধ্যায় মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। স্কুলশিক্ষক মোন্তাজ উদ্দিনের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি। আওয়ামী লীগের নেতা আপেল মাহমুদও মাটি উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন।

যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। তা ছাড়া, বিষয়টি বিআইডব্লিউটিএরই দেখার কথা।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, গত বছর বন্যায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে যানবাহন পারাপার মারাত্মকভাবে বিঘ্নিত হয়। পাটুরিয়া ফেরিঘাটসংলগ্ন উজানে ড্রেজার দিয়ে যেভাবে মাটি কাটা হচ্ছে তাতে আগামী বর্ষায় পাটুরিয়া ঘাট হুমকিতে পড়তে পারে।