আ.লীগ নেতাদের হাতে জিম্মি তরমুজচাষিরা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া ও গাববুনিয়া গ্রামের তরমুজচাষিরা আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাষিদের উৎপাদিত তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে নেওয়ার প্রতি ধাপেই রয়েছে ওই নেতাদের নিয়ন্ত্রণ।
খেত থেকে ঘাটে তরমুজ নিতে ওই নেতাদের ট্রলিতে করেই নিতে হয়। ঘাট থেকে দেশের বিভিন্ন বাজারে তরমুজ পাঠাতেও তাঁদের ট্রলার, কার্গো ব্যবহারে বাধ্য করা হচ্ছে চাষিদের। এমনকি ওই নেতারা একটি নতুন ঘাটও স্থাপন করেছেন। ওই ঘাট ছাড়া অন্য কোনো ঘাট দিয়ে কেউ তরমুজের চালান পাঠাতে পারছেন না।
ফেলাবুনিয়া গ্রামের চাষি সোহরাব হোসেন বলেন, ‘চলতি মৌসুমে চার একর জমিতে আমার ১২ হাজারেরও বেশি তরমুজ হবে। কিছু তরমুজ বাজারে পাঠিয়েছি। ফেলাবুনিয়া থেকে গলাচিপার আমখোলা ঘাটে ট্রাকে তরমুজ তোলা পর্যন্ত প্রতি হাজারের জন্য আমার চার হাজার টাকা লাগার কথা। অথচ নেতাদের নির্ধারিত ট্রলি, ট্রলার আর ঘাট ব্যবহার করতে বাধ্য হওয়ায় আমার প্রতি হাজার তরমুজে সাড়ে ছয় হাজার টাকা করে লাগবে। এতে আমার মোট ৩০ হাজার টাকা বেশি খরচ হবে।’
চাষিদের অভিযোগ, ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বকর ও ১ নম্বরের খলিল ফরাজির নেতৃত্বে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মিলে ফেলাবুনিয়া জলকপাটের (স্লুইসগেট) কাছে একটি ঘাট স্থাপন করেছেন। ফেলাবুনিয়া ও গাববুনিয়া গ্রামের তরমুজচাষিদের ওই ঘাট দিয়ে তাঁদের ফসল বাজারজাত করতে বাধ্য করা হচ্ছে। এ দুই গ্রামের চাষিদের তরমুজ পরিবহনে ওই নেতারা ট্রলি, ট্রলার ও কার্গো ঠিক করে রেখেছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে এসব বাহনেই চাষিদের তরমুজ পরিবহনে বাধ্য করা হচ্ছে।
গাববুনিয়া গ্রামের চাষি কবির হোসেন হাওলাদার বলেন, আবু বকর ও খলিল ফরাজির ট্রলি, ট্রলার ও ঘাট ছাড়া চাষিরা অন্য কোনোভাবে তরমুজ অন্য কোথাও নিতে চাইলে তাঁদের মারধরের ভয় দেখানো হয়।
আবু বকর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কৃষকদের সুবিধার জন্যই আমরা ফেলাবুনিয়াতে একটি ঘাট করে তরমুজ পরিবহনের ব্যবস্থা করে দিয়েছি। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘চাষিদের তরমুজ পরিবহনে অতিরিক্ত টাকা আদায়-সংক্রান্ত কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’