আ.লীগ নেতাদের হাতে ঠিকাদার লাঞ্ছিত
চাঁপাইনবাবগঞ্জে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবনের সম্প্রসারণকাজের দরপত্র জমা দেওয়ার বাক্সটি পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে রাখা হয়েছিল। সেখানে দরপত্র ফেলতে গিয়ে এক ঠিকাদারকে লাঞ্ছিত হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ওই ঠিকাদারকে লাঞ্ছিত করেন।
ঠিকাদার মনির হোসেন বকুল চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার ছিল দরপত্রটি দাখিলের শেষ দিন। তিনি এসপি কার্যালয়ের দ্বিতীয় তলায় রাখা বাক্সের কাছাকাছি যেতেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ এজাবুল হক লোকজন নিয়ে এগিয়ে এসে তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁর সহযোগী ইফতেখার আহমেদ ঠিকাদারকে ধাক্কা দেন। পরে এজাবুল হক ও তাঁর লোকজন ঠিকাদারের কাছ থেকে দরপত্রের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেন তাঁরা। পরে বাকি কিছু কাগজপত্র দাখিল করেন মনির। আংশিক কাগজপত্র দাখিল করতে পারায় দরপত্র বাতিল হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন ঠিকাদার।
ঠিকাদার অভিযোগ করেন, তাঁকে ধাক্কা দেওয়ার সময় সেখানে উপস্থিত সহকারী পুলিশ সুপার (এএসপি—সদর দপ্তর) আবদুল কালাম সাহিদের কাছে তিনি সহায়তা চেয়েছিলেন। কিন্তু পাননি। কাগজপত্র ছিনিয়ে নেওয়ার পর পুলিশ ইফতেখার আহমেদকে আটক করে।
মনিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি ঘটেছে দপ্তরের বাইরে। এ ক্ষেত্রে আমার করার কিছুই নেই। তারপরও ঠিকাদার বকুল লিখিত অভিযোগ দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
দরপত্র দাখিল করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করেছেন এএসপি। তবে তিনি বলেন, ‘তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। একজন ঠিকাদার দরপত্র দাখিল করতে এলে অন্য পক্ষের কয়েকজন বাধা দেয়। আমরা ওই ঠিকাদারকে দরপত্র দাখিল করতে সহযোগিতা করেছি এবং তিনি দরপত্র দাখিল করেছেন।’ তবে পুলিশের নীরব ভূমিকার অভিযোগ অস্বীকার করেন তিনি। এ ব্যাপারে একজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
দরপত্র দাখিলে বাধা দেওয়া প্রসঙ্গে এজাবুল হক বলেন, ‘বকুলকে বাধা দেওয়ার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে এসপি অফিসে গিয়ে আমিই তাঁকে দরপত্র দাখিলে সহযোগিতা করেছি।’
চাঁপাইনবাবগঞ্জ এসপি টি এম মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ঠিকাদার পুলিশের সহযোগিতা নিয়ে দরপত্র দাখিল করেছেন।