আ.লীগ নেতার কথা না শোনায় সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ইউনিটের ব্যবস্থাপক মাহফুজুর রহমানকে গতকাল হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ​সা দেওয়া হয় l প্রথম আলো
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ইউনিটের ব্যবস্থাপক মাহফুজুর রহমানকে গতকাল হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ​সা দেওয়া হয় l প্রথম আলো

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে সন্ত্রাসী হামলায় চারজন আহত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওরফে সোহাগের কথা না শোনায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মাহমুদুল হাসান স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন ওই প্রতিষ্ঠানের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মাহফুজার রহমান, কর্মকর্তা হাসান আলী, হিসাব সমন্বয়কারী দীপঙ্কর চাকমা ও প্রহরী তরণী কান্ত রায়। মাহফুজার রহমান ও দীপঙ্কর চাকমাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুরে ৮-১০টি মোটরসাইকেলে করে ১৫ থেকে ২০ জন যুবক ওই কার্যালয়ের সামনে এসে চেঁচামেচি ও গালাগাল করে প্রহরীকে দরজা খুলে দিতে বলে। প্রহরী দরজা খুলে না দিলে ছাত্রলীগের কর্মী স্বাধীন মিয়া (২৫) দেয়াল টপকে ভেতরে ঢুকে দরজা খুলে দেন। এরপর হামলাকারীরা একসঙ্গে কার্যালয়ে ঢুকে সেখানকার আটটি কক্ষে কর্মরত সবাইকে মারধর শুরু করে।
প্ল্যান ইন্টারন্যাশনালের হাতীবান্ধা কার্যালয় সমন্বয়কারী সামেনা বেগম বলেন, ‘ওয়াসা প্রকল্পের আওতায় নির্মিত স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ গ্রহণ করা নিয়ে কার্যালয়ের সঙ্গে কয়েকজন স্থানীয় ঠিকাদারের সমস্যা ছিল। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে স্যানিটারি ল্যাট্রিন (রিং ও স্লাব) তৈরি করায় সেগুলো গ্রহণে আমাদের আপত্তি ছিল। কিন্তু ঠিকাদারেরা নানাভাবে চাপ দিয়ে আসছিল।’ তিনি অভিযোগ করেন, হামলার সময় সন্ত্রাসীরা বারবার উচ্চ স্বরে বলছিল, ‘প্ল্যানের ম্যানেজারের এত বড় সাহস, সোহাগ ভাইয়ের সঙ্গে দেখা করে না। সমস্যার সমাধান করে না।’
হামলার ১০ থেকে ১৫ মিনিট পর মাহমুদুল হাসান কার্যালয়ে আসেন। এ সময় তিনি বলেন, ‘যারা মেরেছে তাদের বিচার হবে। আর প্ল্যান ইন্টারন্যাশনাল যদি কারও কোনো ক্ষতি করে থাকে, তাহলে তারা কীভাবে কাজ করে, তা-ও খতিয়ে দেখা হবে।’
জানতে চাইলে মাহমুদুল হাসান বলেন, ‘একজন আওয়ামী লীগ নেতা ও হাতীবান্ধার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে এলাকার লোকের সুখ-দুঃখ এবং ভালো-মন্দের খোঁজখবর রাখার দায়িত্ব আমার। উপজেলার গড্ডিমারী, ফকিরপাড়া ও টংভাঙ্গা এলাকার কয়েকজন ঠিকাদার আমার কাছে এসে অভিযোগ করেন যে তাঁদের নির্মিত স্যানিটারি ল্যাট্রিনের ৮০ শতাংশ নিম্নমানের হয়েছে এমন বলে প্ল্যান সেগুলো নেবে না। উপজেলার বোর্ডের হাট উচ্চবিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্ল্যানের ম্যানেজার মাহফুজুর রহমানের সঙ্গে আমার দেখা হলে বিষয়টি তাঁকে জানাই।’
মাহফুজুর রহমানকে দেখা করার জন্য ডেকেছিলেন কি না—এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে মাহমুদুল হাসান বলেন, তিনি ভেবেছিলেন ২৬ মার্চের পরে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কিন্তু এর আগেই হামলার ঘটনা ঘটল। তাঁর দাবি, ‘যারা হামলা করেছে, তারা আমার নাম ভাঙিয়েছে। আমি কাউকে হামলা করতে বলি নাই।’
হাতীবান্ধা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবার রহমান বলেন, ‘কার্যালয়ের লোকজনকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।’