
ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের এক নেতার গুদাম থেকে হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫ বস্তা চাল (সোয়া দুই মেট্রিক টন) উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন দাতারাটিয়া বাজারের গুদাম থেকে ওই চাল উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার ছয়জন বাসিন্দা বলেন, উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের দাতারাটিয়া বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. নুরুল্লা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর অধীনে ৭৪৯ জন কার্ডধারী আছেন। প্রতি কার্ডধারীর কাছে ৩০ কেজি করে চাল বিক্রি করার জন্য খাদ্য অধিদপ্তর গত সেপ্টেম্বর মাসে দুই কিস্তিতে তাঁকে প্রায় সাড়ে ২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। বরাদ্দের চাল গত মাসেই বিক্রি হয়ে যাওয়ার কথা। কিন্তু ডিলার নুরুল্লা সমুদয় চাল বিক্রি না করে তাঁর গুদামে রেখে দেন। স্থানীয় ব্যক্তিরা আরও বলেন, দুই দিন ধরে গভীর রাতে সরকারি সিল দেওয়া বস্তা পাল্টিয়ে চালগুলো প্লাস্টিকের বস্তায় ভরা হচ্ছিল। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি প্রশাসনকে জানিয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী হাকিম মো. তামীম আল ইয়ামীন প্রথম আলোকে বলেন, তিনি খবর পেয়ে পুলিশ নিয়ে দাতারাটিয়া বাজারে গিয়ে ডিলার নুরুল্লার গুদাম তালাবদ্ধ দেখেন। তিনি লোক দিয়ে নুরুল্লার বাড়িতে খবর পাঠান। পরে জানতে পারেন ডিলার পালিয়েছেন। লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে দেখতে পান মাছ ও মুরগির খাবারের ৪৫টি বস্তায় চালগুলো ভরে রাখা হয়েছে। তবে ঘরের ভেতরে সদ্য খোলা খাদ্য অধিদপ্তরের সিল মারা কয়েকটি বস্তাও পাওয়া গেছে।
নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মোতালিব চৌধুরী বলেন, ‘ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশমতো চালের বস্তা থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’