আ.লীগ নেতার ঘের আরেক নেতার দখলের চেষ্টা!
যশোরের কেশবপুরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন দলের আরেক নেতা। গতকাল রোববার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মাহাবুবুর রহমান এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ ভবানীপুর মৌজা এবং তালা উপজেলার শিরাশুনি মৌজার বিল কুচেমোড়ায় তিনি ২০১৩ সালে ২৫০ বিঘা জমিতে মাছের ঘের করেন।
এসব জমির ১৩৫ জন মালিক দলিলের মাধ্যমে ছয় বছরের জন্য তাঁকে মাছের ঘের করার অনুমতি দেন। গত তিন বছর তিনি সেখানে ‘মেসার্স মালিহা মৎস্য চাষ প্রকল্প’ চালাচ্ছেন। কিন্তু গত ১০ জুলাই সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম নিজস্ব বাহিনী দিয়ে ওই ঘের দখলের চেষ্টা করেন। এ সময় ঘের পাহারার ঘরটি ভেঙে দেওয়া হয়। পুনরায় ঘর তৈরি করলে ২৩ আগস্ট আবারও সেটি ভেঙে ফেলে ঘের দখলের চেষ্টা করা হয়।
মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় তিনি কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যশোরের আমলি আদালতেও একটি মামলা করেছেন। পাশাপাশি কেশবপুর উপজেলঅ নির্বাহি কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।