আ.লীগ নেতার ছেলে পিস্তলসহ গ্রেপ্তার
সীতাকুণ্ড আওয়ামী লীগের পৌর কমিটির সভাপতি বদিউল আলমের ছেলে সায়ীদ আমজাদ (২৯) ও অপর যুবক জাহিদুল ইসলামকে (২৪) বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭-এর একটি দল।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ দশমিক ৫ এমএম পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়িদ আমজাদ পৌর কমিটি সভাপতির ছেলে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. আলাউদ্দীন।
আলাউদ্দীন বলেন, তাঁর জানা মতে ছেলেটি স্বচ্ছ রাজনীতি করে। যুবলীগের সঙ্গে যুক্ত আছে। সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকতে পারে।
গ্রেপ্তার দুই যুবক পৌর কিংবা উপজেলা যুবলীগের কেউ নয় বলে প্রথম আলোর কাছে দাবি করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন ও পৌর যুবলীগের সভাপতি শাহ কামাল।