ছুরিকাঘাতে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র আসলাম জেলিন (১৭) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটায় জেলিনের বাবা মাহাবুব ইসলাম কুষ্টিয়া মডেল থানায় এ মামলা করেন। মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রতনের ছেলে ধ্রুবকে দুই নম্বর আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।
অন্য আসামিরা হলেন শহরের এনএস রোডের তুষার ওরফে কানা তুষার ও তাঁর ভাই নিশান, এসবি সড়কের রঙ্গন, আমলাপাড়ার সজীব কর্মকার ও আড়ুয়াপাড়ার ফায়াজ এবং দৌলতপুর উপজেলার প্রাগপুরের তুষার ওরফে কালা।
এজাহারে বলা হয়েছে, গত সোমবার রাতে কানা তুষার মুঠোফোনে জেলিনের কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তিনি মেরে ফেলার হুমকি দেন। মঙ্গলবার দুপুরে তুষার জেলিনকে মুঠোফোনে কলেজ থেকে ডেকে বাবর আলী গেটে সোনালী ব্যাংকের সামনে তুহিন কনফেকশনারিতে আসতে বলেন। জেলিন তার বন্ধু সজনকে নিয়ে সেখানে যায়। কনফেকশনারির পেছনে গিয়ে দেখে সেখানে আগে থেকেই তুষার, ধ্রুব, রঙ্গন, কালা তুষার, নিশান, সজীব ও ফায়াজ বসে আছেন। সেখানেও তাঁরা চাঁদার টাকা দাবি করেন। দিতে অপারগতা জানালে ধ্রুব জেলিনের মুঠোফোন ছিনিয়ে নেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ধ্রুবর পূর্ব পরিকল্পনা অনুযায়ী কানা তুষার জেলিনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন।
মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যে সজীব, কানা তুষার ও তাঁর ভাই নিশানকে আটক করা হয়। মামলা করার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এজাহারের ব্যাপারে জানতে চাইলে ধ্রুবর বাবা আমিনুল হক দাবি করেন, ‘ধ্রুব জেলিনের খুব ভালো বন্ধু ছিল। তাদের পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক। ঘটনার দিন ধ্রুব এক সাথেই ছিল। তবে কোনো কিছু করেনি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য ধ্রুবকে এ মামলায় জড়ানো হয়েছে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক। তাঁদের ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ।