মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিরোধপূর্ণ জমি দখল করতে গিয়ে গত শুক্রবার দেশীয় অস্ত্রসহ ৪০ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের এক নেতার ছেলে রয়েছেন।
সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে গ্রামবাসী দখল চেষ্টাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। গ্রেপ্তার হওয়া ৪০ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্র জানায়, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার শেখরনগর ইউনিয়নের শিঙ্গারডাক গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের সঙ্গে একই গ্রামের শেখ আবু সাঈদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইকবাল হোসেনের ছেলে মো. মোনতাছির মাহমুদ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটে লোকজন নিয়ে ওই জমি দখল করতে যান। এ সময় আবু সাঈদের পক্ষের লোকজন তাঁদের ঘিরে ফেলে। একপর্যায়ে তাঁরা মোনতাছিরসহ ৪০ জনকে আটক করেন। অন্যরা পালিয়ে যান। পরে আটক ৪০ জনকে সিরাজদিখান থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।