বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুলছাত্র ইয়াসিন মোল্লা (১৫) হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতার দুই ছেলেসহ ছয়জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার ইয়াসিনের মা নাসিমা বেগম বাদী হয়ে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ২৬ জুলাইয়ের মধ্যে নিহত ছাত্রের ভিসেরা প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম জমাদ্দারের দুই ছেলে দীপু জমাদ্দার ও অপু জমাদ্দারকে। অন্য আসামিরা হলো রাকিব খাঁ, সাকিব চৌকিদার, নাঈম ও বাবু।
ইয়াসিন উপজেলার ভূতেরদিয়া গ্রামের মো. রিপন মোল্লার ছেলে। সে মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
আরজি সূত্রে জানা যায়, ভাড়ার মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৩ মে ইয়াসিনকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। উপজেলার সাড়ে পাঁচআনি গ্রামের সেলিম জমাদ্দারের দুই ছেলে দীপু জমাদ্দার ও অপু জমাদ্দার, তাদের সহযোগী রাকিব খাঁ, সাকিব চৌকিদার, নাঈম, বাবুসহ সাত-আটজন ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রায় দুই কিলোমিটার দূরে একটি পাটখেতে নিয়ে মারধর করে বিষ খাইয়ে দেয়। পরে তারা ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করে। বিকেলে মৃতপ্রায় ইয়াসিনকে তারা বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় ইয়াসিন। এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা করে।
বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। তাই হত্যা মামলা নেওয়া হয়নি।