আ.লীগ নেতার দুই পা ভেঙে দিল প্রতিপক্ষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত সোমবার রাতে রড ও শাবল দিয়ে পিটিয়ে আওয়ামী লীগের এক নেতার দুই পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত নেতার নাম রেজওয়ান ইসলাম (৪৫)। তিনি ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল মঙ্গলবার আহত নেতার স্ত্রী ডালিয়া আক্তার ধামরাই থানায় মামলা করেছেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং যাদবপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিজুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ মিজানুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কহিনুর ইসলাম, মন্টু মিয়া ও অহিউল্লাহকে গ্রেপ্তার করে।
আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধামরাইয়ের সাংসদ এম এ মালেক এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বেনজীর আহমেদের মধ্যে বিরোধ চলে আসছে। এ কারণে এম এ মালেকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মিজানুর রহমান এবং বেনজীরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রেজওয়ান ইসলামের মধ্যেও বিরোধ ছিল।
বিরোধের জের ধরে মিজানুর রহমানের বেশ কয়েকজন অনুসারী সোমবার রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে হরিদাসপুর ও আমছিমুর এলাকার মাঝামাঝি স্থানে রেজওয়ানকে আটক করেন। এরপর তাঁরা রড, শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে রেজওয়ানকে গুরুতর আহত করেন। একপর্যায়ে রেজওয়ান মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে তাঁকে ফেলে রেখে চলে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন তাঁকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এনাম মেডিকেলের চিকিৎসক শামসুল আলম প্রধান বলেন, রেজওয়ানকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আঘাতে তাঁর দুই পা ভেঙে গেছে।
রেজওয়ানের স্ত্রী ডালিয়া আক্তার বলেন, রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যার উদ্দেশ্যে তাঁর স্বামীর ওপর হামলা চালানো হয়। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, মাস দেড়েক আগে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য রেজওয়ান স্থানীয় গুমগ্রাম বাজারে একটি সমাবেশের আয়োজন করেছিলেন। ওই সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছিল। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনজীর আহমেদ। এরপর থেকেই মিজানুর রহমান তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। এর জের ধরেই সোমবার রাতে তাঁর ওপর হামলা চালানো হয়।
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গতকাল মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। মুঠোফোন না ধরায় সাংসদ এম এ মালেকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে বেনজীর আহমেদ বলেন, তাঁর অনুসারীদের দাবিয়ে রাখার জন্যই এ হামলা চালানো হয়েছে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ আল মামুন বলেন, বিরোধের জের ধরে রেজওয়ানের ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।