আ.লীগ নেতার দুর্বৃত্তপনা অতিষ্ঠ চন্দনাইশের মানুষ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার লোকজন অতিষ্ঠ বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত শনিবার রাতে তাঁর নেতৃত্বে সন্ত্রাসীরা একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া ও এক ব্যক্তিকে হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বিব্রত বলে একজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, গত শনিবার রাতে আবু আহমেদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত চন্দনাইশের এলাহাবাদে জনৈক বাচা মিয়ার বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা হাতুড়ি-হ্যামার দিয়ে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে চারজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে বাচা মিয়ার ছেলে মোজাফফর আহমদ বৃহস্পতিবার হাসপাতালে মারা যান।
স্থানীয় লোকজন জানান, এর আগে তাঁর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে সরকারি উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলেও দল বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ভুক্তভোগীরাও তাঁর বিরুদ্ধে মামলা করতে সাহস পাননি।
তবে এলাহাবাদের ঘটনায় এজাহারে আবু আহমেদকে আসামি করা হলেও পুলিশ তাঁর নাম বাদ দিয়ে বাকি আসামিদের বিরুদ্ধে মামলা নথিবদ্ধ করে বলে অভিযোগ করেছেন নিহতের ভাই আকতার কামাল।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, বাদী এজাহার যেভাবে দিয়েছেন, সেভাবে নথিভুক্ত করা হয়েছে।
এলাহাবাদের এ ঘটনাকে ‘রোমহর্ষক’ বলে অভিহিত করে সরকারদলীয় স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এলাহাবাদে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। এর সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না।’
এদিকে ধোপাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এলাহাবাদের ঘটনার এক সপ্তাহ আগে ধোপাছড়িতে ২৫ বিঘার পেয়ারা ও লেবুর বাগান দখল করে নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ। তিনি অপর এক ব্যক্তির জন্য ভাড়াটে হিসেবে ওই দখলের ঘটনার নেতৃত্ব দেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি।
চন্দনাইশের বিশিষ্ট ব্যবসায়ী মুছা কোম্পানির মালিক আবু মুছা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মাস দুয়েক আগে চন্দনাইশের নগরপাড়ায় তাঁর চাচাতো ভাইয়ের জায়গা দখলের চেষ্টা করেন আবু আহমেদ। তাঁর সন্ত্রাসী বাহিনী অতর্কিতে হামলা চালায়, তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়ায়।
এ রকম আরও বেশ কিছু অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের এই নেতার বিরুদ্ধে। এসব বিষয়ে জানতে চাইলে আবু আহমেদ প্রথম আলোর কাছে দাবি করেন, এলাহাবাদে হামলা, হত্যা, ধোপাছড়ি, নগরপাড়াসহ অন্যান্য জমি দখল এবং দরপত্র নিয়ন্ত্রণের অভিযোগ সত্য নয়। একটি পক্ষ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।
তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এলাহাবাদের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্র থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে। আজ শনিবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের বৈঠকে এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘সরকারি দলের নেতা-কর্মী হিসেবে মানুষের পাশে আমাদের দাঁড়ানোর কথা, সেখানে বাড়ি গুঁড়িয়ে দিয়ে হত্যাকাণ্ড চালানো দুঃখজনক। এই ঘটনায় আমরা বিব্রত।’