আ.লীগ নেতার দোকানে যুবলীগ নেতার তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার দোকানে যুবলীগের আরেক নেতা তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা সমশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেছেন। আমিনুল দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তাঁর দাবি, তাঁর দোকানে তালা ঝুলিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক মো. ফালান।
আমিনুল হক বলেন, ‘ফালান ও তাঁর লোকজন চুনকুটিয়াসহ আশপাশের এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করেন। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ফালান ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার লোকজন পাঠিয়ে আমার একটি দোকানের কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ফালান এর আগে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। যুবলীগের নেতা মো. ফালানের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ধরেননি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।