আ.লীগ নেতার নাম ভাঙিয়ে হামলা, ঘর ভেঙে চুরমার

সাভারে আজ সোমবার একটি বাড়িতে হামলা চালিয়ে আধা পাকা ঘর ভেঙে চুরমার করা হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার নাম ভাঙিয়ে বাড়িটি দখল করতে গিয়ে সন্ত্রাসীরা এই ভাঙচুর করে। পরে ওই নেতার হস্তক্ষেপেই সন্ত্রাসীরা বাড়িটি দখল করতে ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, আমিনুর রহমান নামের এক ব্যক্তির স্ত্রী রোকেয়া আক্তার ২০০৮ সালে তাঁর ভাই নায়েব উদ্দিনের কাছ থেকে সাভারের ছোট বলিমেহের মৌজা থেকে ৭ শতাংশ জমি কেনার জন্য বায়না করেন। জমি বায়নার পরপরই রোকেয়া ওই জমির ওপর বাড়ি নির্মাণ করে সেখানে থাকতে শুরু করেন। দীর্ঘদিন পার হয়ে গেলেও নায়েব উদ্দিন ওই জমি রেজিস্ট্রি করে দেননি। এ অবস্থায় গত বছরের মার্চ মাসে নায়েব উদ্দিন মারা গেলে তাঁর দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম ও সন্তানেরা ওই বাড়ি দখলের চেষ্টা করতে থাকেন।
আমিনুর রহমানের ভাষ্য, দুপুর ১২টার দিকে সুলতানা বেগমের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালান। এর আগে তাঁরা ওই বাড়ির সামনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদের নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এরপর তাঁরা ভেতরে ঢুকে আধা পাকা বাড়ির চারটি কক্ষের প্রায় সব দেয়াল ভেঙে ফেলেন। ঘরের আসবাব ও মালামাল ভাঙচুর করে নগদ ২৩ লাখ টাকা ও ১১ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেন। ঘটনার সময় তারা বাসায় থাকা তাঁর স্ত্রী ও ছেলে আহসান হাবিবকে মারধর করেন।
আমিনুরের ছেলে একটি পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাইয়ান বিন আমিন বলেন, ঘটনার সময় স্থানীয় এক সাংবাদিক বিষয়টি আওয়ামী লীগের ওই নেতাকে জানান। পরে ওই নেতার নির্দেশে পুলিশ তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালায়।

সুলতানা বেগমের মেয়ে নাইমা মাহবুব বলেন, ‘বাড়িটির মালিক আমরা। তাঁরা (আমিনুর ও তাঁর স্ত্রী) অবৈধভাবে ওই বাড়ি দখল করে রেখেছেন। এ কারণে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারি দলের নেতাদের সম্মতি নিয়ে তাঁদের উচ্ছেদে চেষ্টা চালানো হয়। পুলিশই ওই বাড়ি পর্যন্ত আমাদের পৌঁছে দেয়।’
আওয়ামী লীগ নেতার নামে সাইনবোর্ড ঝোলানোর বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, বাড়িঘর ভাঙচুর ও দখলের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে সাকিব, শেখ রেজাউল হক ও মাসুদ নামে তিনজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছেন। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি দখলে পুলিশের সহযোগিতা ও সম্মতি থাকার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ধরনের অনৈতিক কাজে পুলিশের সম্মতি থাকতে পারে না। অভিযোগ সত্য নয়।
এ ঘটনায় রাত সোয়া আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি।