আ.লীগ নেতার নিয়োগ-বাণিজ্য
রাজশাহীর বাগমারার চকমহব্বতপুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুল হাসানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। প্রায় কোটি টাকার নিয়োগ বাণিজ্য এবং নিয়োগে অনিয়মের অভিযোগে ইতিমধ্যে তিনটি মামলা হয়েছে।
এর মধ্যে প্রতারিত প্রার্থী মাঝিগ্রামের রফিকুল ইসলাম দাবি করেন, চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে সাত লাখ টাকা নেওয়া হয়েছিল। পরে তিনি থানায় মামলা করে আংশিক টাকা ফেরত পান। আবদুল হান্নান ও নুরুল ইসলাম নামের অপর দুই ব্যক্তি জানান, চাকরি দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে।
এ ছাড়া অযোগ্য শিক্ষক নিয়োগ ও দুর্নীতির অভিযোগে অভিভাবক চকমহব্বতপুরের আবদুল হান্নান ও পোড়াকয়া গ্রামের সাইদুর রহমান আদালতে পৃথক মামলা করেন।
আজিমুদ্দিন, মতলেবুর রহমান, সাহেব আলীসহ ১০ জন অভিভাবক অভিযোগ করেন, সভাপতির নিয়োগ বাণিজ্যের কারণে ভালো শিক্ষক নিয়োগ হচ্ছে না। এসব নিয়ে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটায় শিক্ষার পরিবেশ ও পাঠদান ব্যাহত হচ্ছে ।
তবে কামরুল হাসান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এগুলো মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই, এসব লোকে বলেই থাকে।’
উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও গণিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ দাবি করেন, কামরুল হাসান নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার মতো নিয়েছেন। তাঁর কারণে দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পাঁচজন সদস্য ও স্থানীয় অর্ধশত ব্যক্তি জানান, কামরুল হাসান ২০১১ সালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পান। তিনি ওই সময় থেকে এখন পর্যন্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ১৩টি পদে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে একজন অফিস সহকারী এবং একজন সহকারী গ্রন্থাগারিকও রয়েছেন। অভিযোগ রয়েছে সভাপতি প্রতিটি পদে নিয়োগের জন্য সাত থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। এ ছাড়া নিয়োগ দেওয়ার কথা বলে আরও প্রায় ছয়জন প্রার্থীর কাছ থেকে টাকা নেন। সব মিলিয়ে কোটি টাকার বেশি নিলেও এসব টাকা বিদ্যালয়ের হিসাবেও জমা হয়নি।
অন্যদিকে ওই বিদ্যালয়ের জনবলকাঠামো অনুযায়ী ১২ জন শিক্ষকের পদ থাকলেও অতিরিক্ত সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বিদ্যালয়ের ১১ জন শিক্ষক এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়েছেন। তবে তাঁদের মধ্যে আবদুর রশিদ নামের এক শিক্ষক গত এপ্রিল মাসে অবসরে গেছেন। এ কারণে আর মাত্র দুজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। ফলে আরও পাঁচজন কোনো বেতন-ভাতা পাবেন না।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নায়েব আলী, সফির উদ্দিন ও ইনতাজ আলী অভিযোগ করেন, সভাপতি কামরুল হাসান কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা বা সভা না করে খেয়ালখুশি মতো নিয়োগ দিয়েছেন। গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়াও সেরেছেন গোপনেই। তাঁর এসব অনিয়মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহযোগিতা করেছেন।
তাঁদের দাবি, প্রধান শিক্ষকের পদে আফসার আলীকে নিয়োগ দেওয়া হলেও ওই পদে তাঁর যোগ্যতা ছিল না। এ কারণে তাঁর ওই পদ এখনো এমপিওভুক্ত হয়নি। যোগ্যতা না থাকায় তাঁকে ওই পদে এমপিওভুক্ত করা যাবে না বলে শিক্ষা অধিদপ্তর চিঠিও দিয়েছে। এ ছাড়া একরামুল হক নামের এক সহকারী শিক্ষককে ভুয়া নিবন্ধন সনদে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে।
তবে সভাপতি কামরুল হাসান ওই সহকারী শিক্ষকের ভুয়া নিবন্ধনের বিষয়টি স্বীকার করেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাইল হোসেন অভিযোগ করেন, তিনি প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য সভাপতিকে সাড়ে চার লাখ টাকা দিয়েছিলেন। তবে তাঁকে ওই পদে চাকরি দেওয়া হয়নি। এমনকি পুরো টাকাও এখন পর্যন্ত ফেরত দেননি। এখনো আড়াই লাখ টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি।
ওই বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ পাওয়া ইনছান আলী দাবি করেন, যোগ্যতা থাকার পরেও তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে সভাপতি এ পদে নিয়োগ দিয়েছেন। তাঁর ভাইকেও সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়ে আট লাখ টাকা নিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। খয়বর আলী নামের আরেক শিক্ষক বলেন, তাকেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে আরও তিনজন শিক্ষক জানান, তাঁদের বেকায়দায় ফেলে প্রত্যেকের কাছ থেকে সাত লাখ টাকা নেওয়ার পর নিয়োগপত্র দিয়েছেন। টাকা দিয়ে কেন চাকরি নিলেন—এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, তাঁরা না দিলে অন্যদের চাকরি দেওয়া হবে এ জন্য জমি বিক্রি করে চাকরি নিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী নিয়োগের কোনো টাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা নেই বলে স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, সরকারি বিধি মোতাবেক সব নিয়োগ হয়েছে। তাহলে নিয়োগের টাকা কোথায় গেল—এমন প্রশ্নের জবাবে তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, ‘যাঁরা টাকা নিয়েছেন, তাঁরা বুঝবেন, আমি টাকা নিইনি, এ ব্যাপারে জানিও না।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য-সংক্রান্ত অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তিনিই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।