আ.লীগ নেতার নির্দেশে বার্ষিক মাহফিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা কমিটি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নির্দেশে পণ্ড হয়ে গেছে ওই মাদ্রাসায় আয়োজিত ইসলামি জলসা। গতকাল মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভার বাটরাগোপালপুর দাখিল মাদ্রাসায় এ জলসা হওয়ার কথা ছিল।
মাদ্রাসা সুপার জিয়াউল হক সাবেরী জানান, মাদ্রাসা কমিটির সভাপতি না থাকায় কমিটির অন্য সদস্য এবং শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আলাপ-আলোচনা করে বার্ষিক ইসলামি জলসার দিন নির্ধারণ করা হয়। সে মোতাবেক স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনেরও অনুমতি নেওয়া হয়। গতকাল মঙ্গলবার এই ইসলামি জলসা হওয়ার কথা ছিল। সব আয়োজন শেষে গত সোমবার সন্ধ্যা থেকে ডেকোরেশনের লোকজন কাজ শুরু করেন। কিন্তু রাতে বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব-উল-হক দলবল নিয়ে মাদ্রাসামাঠে হাজির হন। এ সময় তিনি প্যান্ডেল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়াসহ জলসা বন্ধের ঘোষণা দেন। গতকাল সকালে ডেকোরেশনের লোকজনকে সব মালামাল ফেরত নিয়ে যেতে বাধ্য করা হয়। ফলে পূর্ব নির্ধারিত বার্ষিক জলসা করা সম্ভব হয়নি।
তবে মাহাবুব-উল-হক অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই মাদ্রাসা কমিটির সভাপতি ছিলেন। পরে তাঁর নামে মাদ্রাসা বোর্ডে মিথ্যা অভিযোগ করায় তাঁকে ওই পদ থেকে অপসারণ করা হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে রিট করায় গত সোমবার আদালত তাঁকে আবারও সভাপতির পদ ফিরিয়ে দেন। এ অবস্থায় তাঁকে না জানিয়ে মাদ্রাসায় জলসা হচ্ছিল। মাহাবুব-উল-হক আরও বলেন, এরপরও তিনি জলসা বন্ধ করতে বলেননি। রিটার্নিং কর্মকর্তার নির্দেশে জলসা বন্ধ হয়েছে। তা ছাড়া বড়াইগ্রামে উপজেলা পরিষদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ সময় এ রকম গণজামায়াত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এখানে জলসা বন্ধের পেছনে তাঁর কোনো ভূমিকা নেই বলে দাবি করেন মাহাবুব-উল-হক।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোনো পক্ষই লিখিতভাবে কিছু জানায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও বড়াইগ্রামে উপজেলা পরিষদের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন বলেন, বাটরাগোপালপুর মাদ্রাসার জলসার বিষয়ে তাঁদের কিছুই জানা নেই।