আ.লীগ নেতার নির্দেশে শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের এক নেতার নির্দেশে তাঁর অনুসারীরা এক শিক্ষককে বিদ্যালয় থেকে ধরে নিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। ওই নেতার অনুসারীদের পা ধরে ক্ষমা চাওয়ার পর শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। ওই নেতার ভাতিজিসহ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার জেরে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই শিক্ষকের নাম মো. লেবু মিয়া। তিনি পৌরসভার চিলড্রেনস হোম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। তিনি মঙ্গলবার নবম শ্রেণিতে গণিত বিষয়ে পাঠ দিতে যান। কিন্তু বেশির ভাগ শিক্ষার্থী অঙ্ক কষতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সবাইকে কান ধরিয়ে দাঁড়িয়ে রাখেন। পরে বিদ্যালয় ছুটি হলে একই শ্রেণির ছাত্রী সেবা খাতুন বাড়ি গিয়ে তার চাচা আওয়ামী লীগ নেতা আবদুর রশিদকে বিষয়টি জানায়। ক্ষুব্ধ হয়ে লেবুকে ধরে আনতে তাঁর অনুসারীদের নির্দেশ দেন রশিদ। নির্দেশ পেয়ে তাঁর একদল অনুসারী শিক্ষক লেবুকে রাত আটটার দিকে সরিষাবাড়ী প্রিপারেটরি স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের একটি কক্ষ থেকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে উঠিয়ে প্রায় এক কিলোমিটার দূরে পৌরসভার ধানাটা গ্রামে নিয়ে যায়। সেখানে আবদুর রশিদের বাড়িতে তাঁর উপস্থিতিতেই শত শত মানুষের সামনে লেবুকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় লেবু মিয়া প্রাণভিক্ষা চান। পরে আবদুর রশিদের অনুসারীদের পা ধরে ক্ষমা চাইলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পরে পরিবারের লোকজন লেবু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সোহেল মাহমুদ বলেন, লেবুর শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন আছে।
ঢাকার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুর রশিদ বলেন, ‘আমি ওই শিক্ষককে ধরে আনতে নির্দেশ দিয়েছিলাম। নেতা-কর্মীরা একটু চড়-থাপড় মেরেছে। পরে আমি তা মীমাংসা করে দিয়েছি।’
লেবু মিয়া গতকাল বুধবার সকালে পৌরসভার আরামনগর বাজারে নিজ বাসায় যান। সেখানে বিকেল পৌনে চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের আমি সন্তানের মতো স্নেহ করি। তাই তাদের ভালোর জন্যই এই শাস্তি দিয়েছিলাম। কাজটা হয়তো ঠিক করিনি। কিন্তু এ জন্য আমাকে ধরে নিয়ে গিয়ে আবদুর রশিদের অনুসারীরা পিটিয়ে আহত করে। ওই নেতা ও তাঁর অনুসারীদের ভয়ে মামলা করতেও সাহস পাচ্ছি না।’
লেবু মিয়ার মা জবেদা বেগম বলেন, ‘আমার ছেলেকে আমি কিডনি দিয়ে বাঁচিয়ে রেখেছি। যাঁরা আমার ছেলেকে পিটিয়ে আহত করেছে, তাদের বিচার চাই।’
চিলড্রেনস হোম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওন মিয়া বলেন, শিগগিরই বিষয়টি মীমাংসা করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ বলেন, শিক্ষককে এভাবে ধরে নিয়ে মারধর করা ঠিক হয়নি।
জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কিছু জানি না। জেনে বলতে হবে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’