আ.লীগ নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানকে মারধর
জামালপুরের সরিষাবাড়ীতে প্রকাশ্যে পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে লাঞ্ছিত ও মারধর করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউপির চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন গতকাল সকালে ইউপির কাজে বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা পরিষদের উদ্দেশে রওনা হন। বেলা তিনটায় উপজেলা পরিষদ ফটকের সামনে এলে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা চেয়ে না পাওয়ায় তারা তাঁকে মারধর করে। খন্দকার মোতাহার হোসেন বলেন, ‘টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা আমাকে মারধর করে। তারা আমার পকেট থেকে ১০ হাজার টাকাসহ মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে।’ তিনি আরও অভিযোগ করেন‘উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সরিষাবাড়ী ডিগ্রি কলেজের সাবেক ভিপি রনিসহ ১০-১২ জন আমার ওপর হামলা চালায়। এদের বিরুদ্ধে থানায় মামলার জন্য এজাহার দেওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গতকাল রাত নয়টার দিকে আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলমের মুঠোফোনে ফোন দিলেও তিনি তা ধরেননি।