ময়মনসিংহের নান্দাইলের সিডস্টোর বাজারে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলা চালিয়ে একদল লোক পাঁচটি দোকান ভাঙচুর, মালামাল নষ্ট এবং নগদ অর্থ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাত ব্যক্তি আহত হয়েছেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল বুধবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাজারের একটি সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন।
আহত ব্যক্তিদের মধ্যে হোসেন মিয়া (৪৫) ও জাকিরকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গতকাল সিডস্টোর বাজারে গিয়ে দেখা গেছে, পাঁচটি দোকানের সাটার ও দরজা ভাঙা। মালামাল মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। জাহাঙ্গীরপুর ইউনিয়ন সিডস্টোর বাজারের কাঠ ব্যবসায়ী মো. মারুফ আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরে বাজারের পাশের বাসিন্দা হোসেন মিয়ার ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বিয়েতে দেনা-পাওনা নিয়ে সমস্যা দেখা দেয়। এ নিয়ে পাত্রপক্ষের সঙ্গে বচসা হয় জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিনের ভাতিজা পারভেজ, পাভেল, রাসেল ও ডালিমের। পরে হোসেন মিয়া উভয় পক্ষকে নিবৃত্ত করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর হোসেন বাজারে গেলে পারভেজ, পাভেল, রাসেল, ডালিমসহ আরও কিছু তরুণ মিলে তাঁকে মারধর শুরু করেন। তাঁকে বাঁচাতে এসে ছোট ভাই জাকিরও মারধরের শিকার হন। বাজারের কিছু ব্যবসায়ী হোসেন ও জাকিরকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। ওই ক্ষোভে উচ্ছৃঙ্খল তরুণেরা রোকনের নেতৃত্বে ওই ব্যবসায়ীদের দোকানগুলোতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আবদুর রাজ্জাক বলেন, হামলাকারীরা তাঁর দোকানে ঢুকে তাঁর ছেলে জাহাঙ্গীরকে মারধর করে এবং ক্যাশবাক্স ভেঙে লক্ষাধিক টাকা লুটে নিয়েছে।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানার জন্যে বাড়িতে গিয়ে রোকন উদ্দিনকে পাওয়া যায়নি। তবে সেখানে উপস্থিত রোকনের ঘনিষ্ঠ মো. খোকন মিয়া দাবি করেন, সিডস্টোর বাজারের ব্যবসায়ীরা রোকনকে ফাঁসানোর জন্যে নিজেদের দোকান নিজেরাই ভাঙচুর করেছেন।
এ বিষয়ে নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাফায়াত হোসেন বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।