আ.লীগ নেতার নেতৃত্বে বালু লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় আইন লঙ্ঘন করে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণ বাঁধের খুব কাছ থেকে বালু তোলা হচ্ছে। নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নবাব আলী খানের নেতৃত্বে স্থানীয় কিছু লোক বালু তুলছেন। এভাবে বালু তোলায় বাঁধটি হুমকির মুখে পড়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪-এর খ-ধারায় উল্লেখ করা হয়েছে সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা যাবে না।
কিন্তু ওই আইন লঙ্ঘন করে উপজেলার নোয়ারপাড়া উলিয়া থেকে নতুন পাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশে অবৈধভাবে বালু তুললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের ওই নেতা বালু তুলছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। এভাবে বালু তোলায় হুমকির মুখে পড়েছে ভাঙন ও বন্যাকবলিত মানুষের একমাত্র আশ্রয়স্থল তাততাপাড়া বন্যানিয়ন্ত্রণ ও উলিয়া তীর সংরক্ষণ বাঁধ।
নবাব আলী খান বালু তোলার কথা স্বীকার করে বলেন, এসব বালু তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক তৈরির জন্য দেওয়া হচ্ছে। অবৈধভাবে বালু তুলছেন কেন, জানতে চাইলে তিনি এ ব্যাপারে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলতে বলে ফোন রেখে দেন।
এ বিষয়ে গত সোমবার বিকেল চারটার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় (জামালপুর-২ আসন) সাংসদ ফরিদুল হক খান দুলাল বলেন, ‘যমুনা নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে আমার জানা নেই। তবে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও তীর সংরক্ষণ বাঁধের কাছ থেকে যাতে কেউ বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় লোকজন গত বছরের ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের কাছে স্মারকলিপিও দেন। এতে কাজ না হওয়ায় নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা বালু উত্তোলনে বাধা দিতে গেলেও তাঁদের লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নোয়ারপাড়ার উলিয়া তীর সংরক্ষণ বাঁধসংলগ্ন রাজনগর, নতুন পাড়া, তাততাপাড়া ও বৌশেরগড় থেকে আওয়ামী লীগের নেতা নবাব আলী শ্রমিক নিয়োগ করে বালু তুলছেন। বালু তোলার পর মাহিন্দ্র ট্রাক্টর ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। প্রতিটি স্থানেই বাঁধের ১০০-১৫০ মিটারের মধ্য থেকে বালু তোলা হচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, এক মাস ধরে বালু তোলা হচ্ছে। প্রতিদিন ৫০টি গাড়িতে ভরে বালু বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। প্রতিটি গাড়িতে ১০০ ঘনফুট বালু তোলা হয়।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও উলিয়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বলেন, এক সপ্তাহ ধরে তাঁর ১০ শতাংশ জমি থেকে আওয়ামী লীগের নেতার লোকজন বালু তুলে নিয়ে যাচ্ছেন। বাধা দেওয়ায় ওই নেতার পক্ষে গত রোববার ইসলামপুর থানার পুলিশ এখানে আসে। পরে পুলিশের উপস্থিতিতেই অবৈধভাবে তাঁর জমি থেকে বালু নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের বাধা দিতে গেলে পুলিশ সদস্যরা বলেন, ‘ভাই আজ আমরা (পুলিশ) এসেছি বালু তুলতে দেন।’
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, বালু উত্তোলন প্রক্রিয়ার সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে কোনো পুলিশ সদস্য এর সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, বিষয়টি জেলা প্রশাসক বন্ধ করতে পারেন। তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, বন্যানিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণ বাঁধসংলগ্ন এলাকা থেকে যাতে কেউ বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।