আ.লীগ নেতার নেতৃত্বে সরকারি ৪৮টি গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমারখালীতে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নেতৃত্বে ৪৮টি মেহগনি ও বকনগাছ লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশ করে গাছগুলো কাটা হয়েছে।
১২ বছর আগে লাগানো তরতাজা গাছগুলোকে কাগজে-কলমে ‘মরা’ দেখিয়ে সেগুলো কেটে নেন তাঁরা। গত শুক্রবার থেকে গাছগুলো কাটা হয়। এর আগেও তাঁরা একই কায়দায় ৫১টি গাছ কেটে নেন।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ২০০২ সালে উপজেলার কুমারখালী, ছোট পিঙ্গুইন, বড় পিঙ্গুইন, বড়দেহা, কুরশাইট, দামাইপুর ও মিয়াপুর এলাকার গ্রামীণ সড়কের দুই পাশে মেহগনি ও বকনগাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। ওই গাছগুলো বর্তমানে দুই থেকে আড়াই ফুট ব্যাসের হয়ে উঠেছে। গত শুক্রবার থেকে তাপস কুমার নামের এক কাঠ ব্যবসায়ীর শ্রমিকেরা ছোট পিঙ্গুইন এলাকার রাস্তার দুই পাশের গাছ কাটতে শুরু করেন। গতকাল সোমবার পর্যন্ত ৪৮টি মেহগনি ও বকনগাছ কাটা হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী তাপস কুমার মুঠোফোনে বলেন, ‘আমি সাড়ে ১০ হাজার টাকায় ৩৭টি গাছ কিনেছি। ওই টাকা আমি সমিতির সাধারণ সম্পাদক স্থানীয় নগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলালউদ্দিন, সভাপতি আনোয়ার হোসেন ও ক্যাশিয়ার সাইফুল ইসলামের কাছে জমা দিয়েছি।’ গাছগুলোর দাম এত কম কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘গাছগুলো মরা ছিল।’
শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পিঙ্গুইন এলাকায় রাস্তার দুই পাশের কয়েকটি গাছ কাটা হচ্ছে। কাটা গাছের সবুজ ডালপালা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কাটার সঙ্গে সঙ্গে গাছগুলো রিকশাভ্যানে তুলে সরিয়ে ফেলা হচ্ছে। পিঙ্গুইন গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘আমি প্রতিষ্ঠাকাল থেকে সমিতির একজন সদস্য। আমার মতো সমিতির অনেককে না জানিয়ে কয়েক সদস্য গাছগুলো কাটছেন। প্রতিবাদ করেও গাছগুলো রক্ষা করতে পারিনি।’
নাম প্রকাশ না করার শর্তে রাস্তার পাশের এক জমিমালিক বলেন, আলালউদ্দিনের নেতৃত্বে কিছু সদস্য গাছ কাটার জন্য গোপনে সাধারণ সভা করেছেন। সভার কার্যবিবরণী খাতায় মরা গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাস্তবে তাজা গাছ কাটা হয়েছে। আলালউদ্দিন আওয়ামী লীগের নেতা হওয়ায় এ ব্যাপারে প্রকাশ্যে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। এর আগে মে মাসে তাঁরা উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশ করে ৫১টি গাছ বিক্রি করেন।
আলালউদ্দিন বলেন, ‘গাছ কাটার কথা শুনেছি। শোনার পর গাছ কাটতে নিষেধ করেছি।’ গাছের ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার কথা বলা হলে তিনি বলেন, ‘টাকা সাইফুল হাজি ও আনোয়ার প্রফেসর নিতে পারেন।’
গতকাল সোমবার উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘সমিতির গাছ কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। কয়েক দিন আগে এক সাংবাদিকের কাছে শুনেছিলাম। খোঁজ নিতে পারিনি।’ এর আগে গাছ কাটা হলেও সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি কেন এবং এ ঘটনার সঙ্গে তাঁর যোগসাজশ আছে কি না জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।