আ.লীগ নেতার নেতৃত্বে হামলা ১০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির একটি প্রকল্পের শ্রমিকদের ওপর গতকাল রোববার আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় প্রকল্পের নারী শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় গতকাল বিকেলে উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মরিয়ম বেগম কালিয়াকৈর থানায় অভিযোগ দিয়েছেন।
এলাকাবাসী, পুলিশ এবং ওই অভিযোগ সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় আটাবহ ইউনিয়নের মাথালিয়া-কামারিয়া সড়কে গতকাল শ্রমিকেরা কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে পাশের গোসাত্রা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক তাঁর মাইক্রোবাস ধোয়ার জন্য সেখানে যান। ওই সময় কাজের সুবিধার্থে শ্রমিকসর্দার ইউনুছ মিয়া গাড়িটি এক পাশে রাখতে বলেন। এতে ওই নেতা ক্ষিপ্ত হয়ে ইউনুছকে মারধর করতে থাকেন। এ সময় অন্য শ্রমিকেরা বাধা দিলে ওমর ফারুক চলে যান।
এর প্রায় আধা ঘণ্টা পর ওমর ফারুকের নেতৃত্বে তাঁর সমর্থক ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা করেন। তাঁরা শ্রমিকদের কোদালসহ কাজ করার সরঞ্জাম ভাঙচুর করেন। হামলাকারীরা সেখানে কর্মরত শ্রমিক ইউনুছ মিয়া, মকবুল হোসেন, বকুল মিয়া, আহাম্মদ আলী, জহের আলী, নকুল মিয়া, নারীশ্রমিক শাহেরা বেগমসহ ১০ জনকে পিটিয়ে আহত করেন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এলে হামলাকারীরা চলে যান। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করলে ওমর ফারুক নিজেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পরিচয় দিয়ে বলেন, সেখানে গাড়ি ধোয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।
মরিয়ম বেগম বলেন, হামলার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানকে জানানো হয়েছে। এ ছাড়া শ্রমিকদের ওপর হামলা করায় ওমর ফারুকের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-১৬ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।