আ.লীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান ওরফে খসরুর বাড়ি থেকে একটি পিস্তল, গুলি, টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। গত শনিবার রাতে তাঁর মোক্তারপাড়া এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শোক দিবসের কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফেরেন আশরাফ আলী। এরপর খাবার খেয়ে তিনি দ্বিতীয় তলায় শোয়ার কক্ষে ঘুমাতে যান। তবে গরম বেশি থাকায় তিনি পাশের শীতাতপ নিয়ন্ত্রণকক্ষে ঘুমান। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে চারটার মধ্যে চোরেরা দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ওই কক্ষে ঢোকে। এরপর আলমারির ড্রয়ার খুলে একটি টু-টু বোর পিস্তল, এর লাইসেন্স, ২১টি গুলি, একটি শটগান, শটগানের ৩৮টি গুলি, ২০ হাজার টাকা ও দুটি স্বর্ণের আংটি নিয়ে যায়। গতকাল রোববার সকালে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বাসার পাশের একটি নালা থেকে শটগান ও ৩৮টি গুলি উদ্ধার করে।