আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নেতা আবদুল মতিনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ছয় ভরি স্বর্ণালংকার, ১৯ হাজার টাকা ও একটি মোটরসাইকেল লুট করে। মতিন উপজেলার মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
মতিনের পরিবারের সদস্যরা জানান, উপজেলার শংকরপুর গ্রামে মতিনের বাড়িতে মঙ্গলবার রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা তাঁর বাড়ির বারান্দার গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা মতিনের ছেলে নিয়াজ মাহফুজের কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর (মাহফুজ) হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা মাহফুজের স্ত্রীকে বাড়ির সব টাকা-পয়সা, গয়না দিতে বলে; না দিলে তাঁদের শিশুসন্তানকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। ভয়ে মাহফুজের স্ত্রী সব বলে দিলে তারা সোনার গয়না নিয়ে মতিনের কক্ষে গিয়ে তাঁকে ডেকে তোলে। তারা ঘরে থাকা টাকা ও মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে যায়।