আ.লীগ নেতার বাসার সামনে বোমাসদৃশ বস্তু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল করিমের বাসার সামনে থেকে গতকাল শুক্রবার সকালে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা বস্তুটি সেখানে ফেলে যায়। এ সময় আফজালুল বাসায় ছিলেন না।
নগরের শ্যামবাবুর লেনে অবস্থিত আফজালুলের বাসার পাহারাদার মো. দেলোয়ার হোসেনের ভাষ্যমতে, বৃহস্পতিবার গভীর রাতে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি বাসার সামনে আসে। এ সময় তাদের দেখে ফেলায় তারা কিছু একটা রেখে দ্রুত পালিয়ে যায়। গতকাল সকালে বাসার সামনে লাল আঠালো টেপ প্যাঁচানো বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।