আ.লীগ নেতার বাড়ি থেকে আবারও মাদকদ্রব্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত উল্যার বাড়ি থেকে মাদকদ্রব্যসহ তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে মাদকদ্রব্যসহ তাঁর আরেক ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যা ব।
পুলিশ সূত্র জানায়, পুলিশ শনিবার রাতে উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামে রহমত উল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে পুলিশ তাঁর ঘর থেকে বিদেশি মদের পাঁচটি বোতল, দুটি ফেনসিডিল ও মাদক বিক্রির ৫৫১ টাকাসহ তাঁর ছেলে সাখাওয়াত হোসেন ওরফে জাবেদকে (১৮) গ্রেপ্তার করে।
এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাখাওয়াত হোসেন ও তাঁর বাবা রহমত উল্যাকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন রহমত উল্যার ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার ও তাঁর ছেলেকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি রাতে রহমত উল্যার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল, বিদেশি মদ, হেরোইন ও গাঁজাসহ তাঁর ছেলে শাহাদাত হোসেন ওরফে জুয়েলকে গ্রেপ্তার করে র্যা ব।
তিনজনকে কারাদণ্ড: মাদক বিক্রির দায়ে গতকাল রোববার ফেনীতে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, গত শনিবার রাতে পুলিশ সোনাগাজীর উত্তর চরচান্দিয়া থেকে জাহাঙ্গীর আলম (২২), চরগণেশ থেকে মো. মিজান (২৮) ও জসিম উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করে। তাদের কাছে গাঁজাসহ মাদকদ্রব্য পাওয়া যায়। গতকাল ওই তিনজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও মাদক ব্যবসার দায়ে ওই তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন।