আ.লীগ নেতার বিরুদ্ধে এক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ
পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হামিদের বিরুদ্ধে জেলার চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে উপজেলা প্রশাসন। ঘটনার প্রতিবাদে উপজেলা অফিসার্স ক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার বিকেলে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ শামসুজ্জামান বৈঠক করছিলেন। এ সময় পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হামিদ সেখানে উপস্থিত হন। দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে আওয়ামী লীগ নেতা শিক্ষা কর্মকতাকে লাঞ্ছিত করেন। পরে তিনি উপজেলায় ফিরে এসে বিষয়টি প্রশাসনের অন্য কর্মকর্তাদের জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার প্রতিবাদে উপজেলা প্রশাসন কর্মকর্তারা গত বুধবার বিকেলে উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় কর্মকর্তারা অবিলম্বে ঘটনার বিচার দাবি করেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। সেই সঙ্গে আগামীকাল শনিবারের মধ্যে বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ শামসুজ্জামান অভিযোগ করেন, শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার সময় আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ এসে তাঁর কাছে শিক্ষা কর্মকর্তা কে তা জানতে চান। তিনি পরিচয় দেওয়ামাত্রই ওই নেতা তাঁকে লাঞ্ছিত করে চলে যান।
ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, আওয়ামী লীগপন্থী কিছু শিক্ষকের সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরোধ চলছিল। এর জের ধরে ওই আওয়ামী লীগ নেতা শিক্ষা কর্মকর্তার ওপর হামলা চালান।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবদুল হামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল মতীন খান বলেন, ঘটনা জানার পর আবদুল হামিদের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়েছে। আবদুল হামিদ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম শেহেলী লায়লা বলেন, আমরা বিষয়টি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।