আ.লীগ নেতার বিরুদ্ধে কলেজে তালা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা ডিগ্রি কলেজে গত শনিবার স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রশিদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জের ধরে তালা লাগান তিনি।
কলেজ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাবেক সাংসদ ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে পদটি শূন্য হয়। জেলা প্রশাসক বিল্লাল হোসেনকে সভাপতি করে পরিচালনা পর্ষদ ১৭ অক্টোবর একটি প্রস্তাব জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠায়।
অপর দিকে সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ নিজে মনোনয়ন পেতে স্বাস্থ্যমন্ত্রীর একটি ডিও লেটার এনে ২০ অক্টোবর অধ্যক্ষকে দেন। কিন্তু জেলা প্রশাসকের নামে মনোনয়ন পাঠানোর কথা জানতে পেরে আবদুর রশিদের লোকজন শনিবার কলেজের প্রশাসনিক ভবনসহ মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। আবদুর রশিদ বলেন, ‘আমার ক্ষুব্ধ সমর্থকেরা কলেজে তালা দিয়েছিল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে তালা খুলে দেওয়া হয়েছে।