আ.লীগ নেতার বিরুদ্ধে খাল ভরাট করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবীনগর উপজেলার লহড়ী গ্রামে খাল ভরাট করে গাছ লাগানো হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর তোলা ছবি l প্রথম আলো
নবীনগর উপজেলার লহড়ী গ্রামে খাল ভরাট করে গাছ লাগানো হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সফিকুর রহমানের বিরুদ্ধে খাল দখল করে ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। খালটি দখলমুক্ত করতে পাঁচ মাস আগে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত একটি আবেদন করেছেন এলাকাবাসী। তবে আওয়ামী লীগের ওই নেতা খাল দখল করার অভিযোগ অস্বীকার করেছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোপালপুর-সংলগ্ন মেঘনা নদী থেকে যমুনা খাল শুরু হয়েছে। এরপর খালটি লহড়ী, রসুল্লাবাদ, ভিটিবিশারা হয়ে তিতাস নদে মিলিত হয়েছে। ওই খালের একটি শাখা লহড়ী গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে কালঘোড়া গ্রামের পাশে আবার মূল খালে মিলেছে। লহড়ী গ্রামের ভেতরে প্রায় খালের প্রায় দেড় শ ফুট জায়গা সফিকুর রহমান অবৈধভাবে দখল করে ভরাট করে ফেলেছেন। সেখানে নানা ধরনের গাছপালা লাগানো হয়েছে।
খাল দখলমুক্ত করতে ও খাল দিয়ে পানি প্রবাহের ব্যবস্থা করতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে গ্রামবাসী গত ২৩ এপ্রিল লিখিত আবেদন করেন। গ্রামবাসী তাঁদের লিখিত অভিযোগে উল্লেখ করেন, লহড়ী গ্রামের খালটি ওই গ্রামে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ।
লহড়ী গ্রামের বাসিন্দা মাতু মিয়া (৭০) বলেন, ‘সফিকুর ছয়-সাত মাস আগ থেইকা খালডা ভইরা ফালাইছে। অহন জমি বানাইয়া ফসলও করতাছে।’ আবদুল হক নামের আরেক গ্রামবাসী বলেন, সফিকুর খালে বালু ভরে ফেলায় নৌকা নিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে। এভাবে থাকলে শুকনা মৌসুমে সেচের পানি পাওয়া যাবে না।
আওয়ামী লীগের নেতা মো. সফিকুর রহমান দাবি করেন, এখানে কোনো সরকারি খাল নেই। তবে একদিক দিয়ে খাল ভরাট করা হলেও অন্যদিক দিয়ে তিনি জমি কেটে খালের প্রবাহ ঠিক করে দিয়েছেন। ২০০৩ সালে লহড়ী গ্রামের প্রধান সড়কটি করার সময় জমি কেটে ফেলায় খালটি সৃষ্টি হয়। সেই জায়গা তিনি ভরাট করেছেন।
তবে নবীনগর উপজেলা জরিপকারী (সার্ভেয়ার) জুবায়ের আহাম্মেদ বলেন, লহড়ী গ্রামের খালটি আগে থেকেই খাস হিসেবে চিহ্নিত আছে। খালের অংশটুকু মেপে তা ভরাট করার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন দেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালীউল হাছান বলেন, খাল ভরাট করার বিষয়ে একটি অভিযোগ এলাকাবাসীর কাছ থেকে তিনি পেয়েছেন। সরকারি জায়গা ভরাট করা হয়েছে বলে সার্ভেয়ার তাঁকে বলেছেন। তবে লিখিত প্রতিবেদন পাওয়ার পর সরকারি জায়গা দখলমুক্ত করতে নোটিশ দেওয়া হবে। বালু না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।